বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চা ঘোষের বাঁশবাগানের মাঝ বরাবর এসে। তাঁর নিজের হাতে আলো ছিল না। শীতকাল, তাই সাপের ভয় নেই; তাছাড়া পথও খুব ভালো ভাবেই চেনা। এ পথে এমনিতে বড়ো একটা কেউ আসে না, কিন্তু বঙ্কুবাবুর শর্টকার্ট হয় বলেই তিনি এই পথে যান। কিছুক্ষন থেকেই তাঁর কেমন জানি খটকা লাগছিল। অন্যদিনের চেয়ে কী জানি একটা অন্য রকম ভাব। কিন্তু সেটা যে কী তা বুঝতে পারছিলেন না। হঠাৎ খেয়াল হল যে বাঁশবনে আজ ঝিঁঝিঁ ডাকছে না। একদম না। সেইটেই তফাৎ। অন্যদিন যতই বনের ভিতর ঢোকেন ততই ঝিঁঝিঁর ডাক বাড়ে। আজ ঠিক তার উল্টো। তাই এমন থমথমে ভাব। ব্যাপার কী? ঝিঁঝিঁগুলো সব ঘুমোচ্ছে নাকি?  ভাবতে ভাবতে হাত বিশেক গিয়ে পুবদিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন। প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে। বনের মধ্যিখানে ফাঁকটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশে বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপী আভা। আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপী আলো। কিন্তু আগুন নয়, কারণ আলোটা স্থির। বঙ্কুবাবু এগোতে লাগলেন। কানের মধ্যে একটা শব্দ আসছে। কিন্তু সেটা যেন ধরাছোঁয়ার বাইরে। হঠাৎ কানে তালা লাগলে যেমন শব্দ হয় - রী রী রী রী - এ যেন ঠিক সেই রকম। বঙ্কুবাবুর গা একটু ছমছম করে থাকলেও একটা অদম্য কৌতূহলবশে তিনি এগিয়ে চললেন। ডোবার থেকে ত্রিশ হাত দূরে বড়ো বাঁশঝাড়টা পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন।