বর্তমান বিজাপুর জেলার বাতাপি বা বাদামি কে কেন্দ্র করে চালুক্য রাজ্য গড়ে ওঠে। এই বংশের দ্বিতীয় পুলকেশী ছিলেন দাক্ষিণাত্যের শ্রেষ্ঠ নরপতি। তাঁর সভাকবি রবিকির্তীর আইহোল প্রশস্তি থেকে তাঁর কৃতিত্বের কথা জানা যায়। তাঁর আমলে চালুক্য - পল্লব দ্বন্দ্ব শুরু হয় যা অষ্টম শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দু-পক্ষই দুর্বল হয়ে পড়ে এবং এই সুযোগে অষ্টম শতাব্দীর মধ্যভাগে দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। কল্যাণের চালুক্যরা হল বাতাপির চালুক্য বংশেরই একটি শাখা। হায়দ্রাবাদের অন্তর্গত কল্যাণ বা কল্যাণী এই রাজ্যের রাজধানী ছিল। ষষ্ঠ বিক্রমাদিত্য এই বংশের সর্বশ্রষ্ঠ নরপতি ছিলেন। তাঁর সভাপতি বিহ্লন এর 'বিক্রমাঙ্কদেবচরিত' গ্রন্থ থেকে তাঁর সামরিক প্রতিভা ও কৃতিত্বের কথা জানা যায়।  রাষ্ট্রকূটরা চালুক্যদের অধীনে সামন্তরাজা ছিলেন। পল্লব ও চালুক্যরা দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের মাধ্যমে শক্তিহীন হয়ে পড়লে অষ্টম শতাব্দীর মধ্যভাগে তারা দক্ষিণ ভারতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন তৃতীয় গোবিন্দ। খ্রিষ্টীয় তৃতীয় শতকের প্রথমার্ধে সাতবাহন সাম্রাজ্যের পতনের পর কৃষ্ণা নদীর দক্ষিণে কাঞ্চি নগরকে কেন্দ্র করে পল্লব রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহবর্মন। তিনি মহামল্ল উপাধি ধারণ করেন। চালুক্যরাজ্য দ্বিতীয় পুলকেশীকে তিনি একাধিকবার পরাজিত করেন - এমনকী তিনি বাতাপি অধিকার করেন এবং বাতাপিকোণ্ড উপাধি নেন। ৮৯১ খ্রিষ্টাব্দে চোল-সামন্ত আদিত্য শেষ পল্লবরাজ অপরাজিতকে পরাজিত করে পল্লবশক্তি ধ্বংস করেন এবং দাক্ষিণাত্যে চোল আধিপত্য প্রতিষ্ঠিত হয়।