বঙ্কুবাবুকে কেউ কোনোদিন রাগতে দেখেনি। সত্যি বলতে কী, তিনি রাগলে যে কী রকম ব্যাপারটা হবে, কী যে বলবেন বা করবেন তিনি, সেটা আন্দাজ করা ভারী শক্ত। অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয়। আজ বাইশ বছর তিনি কাঁকুড়গাছি প্রাইমারি ইস্কুলে ভূগোল ও বাংলা পড়িয়ে আসছেন। এর মধ্যে কত ছাত্র এলো গেলো, কিন্তু বঙ্কুবাবুর পিছনে লাগা - ব্ল্যাকবোর্ডে তাঁর ছবি আঁকা, তাঁর বসবাস চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা, কালীপুজোর রাত্রে তাঁর পিছনে ছুঁচোবাজি ছেড়ে দেওয়া - এসবই এই বাইশ বছর ধরে ছাত্র-পরম্পরায় চলে আসছে। বঙ্কুবাবু কিন্তু কক্ষনো রাগেননি। কেবল মাঝে মাঝে গলা খাঁকরিয়ে বলেছেন, ছিঃ!  এর একটা কারণ অবিশ্যি এই যে তিনি যদি রাগটাগ করে মাস্টারি ছেড়ে দেন তো তাঁর মত গরীব লোকের পক্ষে এই বয়সে আরেকটা মাস্টারি বা চাকরী খুঁজে পাওয়া খুবই শক্ত হবে। আরেকটা কারণ হলো, ক্লাসভর্তি দুষ্টু ছেলের মধ্যে দু-একটি করে ভালো ছাত্র প্রতিবারই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায়। এইসব ছাত্রদের তিনি কখনও কখনও নিজের বাড়িতে নিয়ে আসেন। তারপর বাটি করে মুড়কি খেতে দিয়ে গল্পচ্ছলে দেশ-বিদেশের আশ্চর্য ঘটনা শোনান। আফ্রিকার গল্প, মেরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষখেকো মাছের গল্প, সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প, এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন।