রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়ৎদার। বছরখানেক আগে রমেনকে সে তার পিসতুতো ভগ্নীপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল - ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায়। রমেন একেবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল। কিছুতেই সে তার সঙ্গে এঁটে উঠতে পারছিল না। দু-তিনবার কোর্টে পর্যন্ত তাকে দৌড়তে হয়েছিল ছেলের জন্য। শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল, তখন সে পরিষ্কার বুঝতে পারলো যে এ ছেলেকে সামলে চলা তার সামর্থ্য নয়। এ ছেলে তার সর্বনাশ করবে। যুদ্ধের বাজারে কতভাবে কত কামাচ্ছে, ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে ?  দামী দামী ভেট নিয়ে সে সটান গিয়ে হাজির হলো একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে, মার-খাওয়া ছেলেটির জন্যই উপহার রইলো দুশো টাকার। লুটিয়ে পড়ল মিসেস বসুর পায়ের তলে। প্রার্থনা করল রমেনের নিস্তার। ছেলের সম্বন্ধে কী ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল, তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে, ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গিয়েছে, ফিরে এলে, খুঁটিতে বেঁধে তাকে চাবকে লাল করে দেবে। সেইদিনই রমেনকে নিয়ে সে কলকাতা রওনা হয়ে গেলো, ছেলেকে সুর্যপদর জিম্মা করে দেবার জন্য। রমেনের মা একটু আপত্তি করেছিল। 'উনি স্বদেশী - টদেশি করেন শুনেছি, খোকাকে আবার না বিগড়ে দেন।'