সুতা মজুর বললো, 'কিনারে কিনারে চলো'। রাস্তার ধর ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। 'খাড়াও', মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। 'কী হইল?', সুতা মজুর জিজ্ঞেস করতেই মাঝি তার হাত ধরে তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। মাঝির সংকেত মত সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় দশ - বারোজন বন্দুকধারী পুলিশ স্থানুর মত দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কী যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত-মুখ নেড়ে।  বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে।