মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটলো, সোজা এসে উঠলো একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুইজনেই একবার থমকে দাঁড়ালো - ঘাপটি মেরে নেই তো কেউ ? কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিমের দিকে। খানিকটা এগিয়েছে এমন সময় তাদের পিছনে শব্দ উঠলো ঘোড়ার খুরের। তাকিয়ে দেখলো - অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ-পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্ব-খুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি-ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুলো।  সুতা মজুর বললো, 'কিনারে কিনারে চলো'। রাস্তার ধর ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। 'খাড়াও', মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। 'কী হইল?', সুতা মজুর জিজ্ঞেস করতেই মাঝি তার হাত ধরে তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। মাঝির সংকেত মত সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় দশ - বারোজন বন্দুকধারী পুলিশ স্থানুর মত দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কী যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত-মুখ নেড়ে।  বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে।