সম্রাট অশোক 'ধম্মমহামাত্র' নামে একটি বিশেষ শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেন। তাঁদের কাজ ছিল ভগবান বুদ্ধের বাণী প্রচার, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন এবং প্রজাবর্গের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গল সাধন করা। বৌদ্ধধর্মের বিশুদ্ধতা এবং বৌদ্ধসঙ্ঘের ঐক্য ও সংহতি বজায় রাখার উদ্দেশ্যে তিনি পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির অধিবেশন আহ্বান করেন। কেবলমাত্র নিজ সাম্রাজ্যের অভ্যন্তরেই নয় - সুদূর দক্ষিণের কেরলপুত্র, সত্যপূত্র, চোল, পান্ড্য প্রভৃতি দেশে তিনি ধর্মদূত পাঠান। এছাড়া তিনি পাঁচটি গ্রীক শাসিত রাজ্য - সিরিয়ার অধিপতি অ্যান্টিওকাস থিওস, ম্যাসিডন-রাজ অ্যান্টিগোনাস গোনেটাস, করিন্থ বা এপিরসের রাজা আলেকজান্ডার, মিশর-রাজ টলেমি ফিলাডেলফাস এবং সাইরিন (আফ্রিকা) এর অধিপতি মেগাস এর কাছে ধর্মদূত পাঠান। স্যান্ডার্স বলেন যে, তাঁর ধর্মপ্রচারকগণ এশিয়া, ইউরোপ, ও আফ্রিকার কুসংস্কারাছন্ন অধিবাসীদের মনে কৃষ্টিমূলক প্রভাব বিস্তারে সক্ষম হন।