বৌদ্ধ উপকথা অনুসারে কলিঙ্গ জয়ের দুই বৎসর পর উপগুপ্ত নামে জনৈক সন্ন্যাসীর কাছে অশোক বৌদ্ধধর্মে দীক্ষা গ্রহণ করেন। তাঁর উদ্যোগে উত্তর ভারতের একটি সংকীর্ণ স্থানে আবদ্ধ বৌদ্ধধর্ম বিশ্বধর্মে রূপান্তরিত হয়। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি বিহারযাত্রা অর্থাৎ শিকার ও প্রমোদ ভ্রমণ বন্ধ করে দিয়ে তার পরিবর্তে 'ধম্মযাত্রা' শুরু করেন। ধম্মযাত্রার অর্থ হলো ভগবান বুদ্ধদেবের স্মৃতিবিজড়িত স্থানগুলি পরিভ্রমণ করা। এই যাত্রার সময়ে তিনি জনসাধারণের উদ্দেশ্যে ভগবান বুদ্ধের বাণী প্রচার করতেন। এই উদ্দেশ্যে তিনি যুত, রাজুক, পুরুষ, প্রাদেশিক ইত্যাদি রাজকর্মচারীদের সাহায্য গ্রহণ করেন।