বৌদ্ধ উপকথা অনুসারে কলিঙ্গ জয়ের দুই বৎসর পর উপগুপ্ত নামে জনৈক সন্ন্যাসীর কাছে অশোক বৌদ্ধধর্মে দীক্ষা গ্রহণ করেন। তাঁর উদ্যোগে উত্তর ভারতের একটি সংকীর্ণ স্থানে আবদ্ধ বৌদ্ধধর্ম বিশ্বধর্মে রূপান্তরিত হয়। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি বিহারযাত্রা অর্থাৎ শিকার ও প্রমোদ ভ্রমণ বন্ধ করে দিয়ে তার পরিবর্তে 'ধম্মযাত্রা' শুরু করেন। ধম্মযাত্রার অর্থ হলো ভগবান বুদ্ধদেবের স্মৃতিবিজড়িত স্থানগুলি পরিভ্রমণ করা। এই যাত্রার সময়ে তিনি জনসাধারণের উদ্দেশ্যে ভগবান বুদ্ধের বাণী প্রচার করতেন। এই উদ্দেশ্যে তিনি যুত, রাজুক, পুরুষ, প্রাদেশিক ইত্যাদি রাজকর্মচারীদের সাহায্য গ্রহণ করেন।  সম্রাট অশোক 'ধম্মমহামাত্র' নামে একটি বিশেষ শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেন। তাঁদের কাজ ছিল ভগবান বুদ্ধের বাণী প্রচার, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন এবং প্রজাবর্গের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গল সাধন করা। বৌদ্ধধর্মের বিশুদ্ধতা এবং বৌদ্ধসঙ্ঘের ঐক্য ও সংহতি বজায় রাখার উদ্দেশ্যে তিনি পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির অধিবেশন আহ্বান করেন। কেবলমাত্র নিজ সাম্রাজ্যের অভ্যন্তরেই নয় - সুদূর দক্ষিণের কেরলপুত্র, সত্যপূত্র, চোল, পান্ড্য প্রভৃতি দেশে তিনি ধর্মদূত পাঠান। এছাড়া তিনি পাঁচটি গ্রীক শাসিত রাজ্য - সিরিয়ার অধিপতি অ্যান্টিওকাস থিওস, ম্যাসিডন-রাজ অ্যান্টিগোনাস গোনেটাস, করিন্থ বা এপিরসের রাজা আলেকজান্ডার, মিশর-রাজ টলেমি ফিলাডেলফাস এবং সাইরিন (আফ্রিকা) এর অধিপতি মেগাস এর কাছে ধর্মদূত পাঠান। স্যান্ডার্স বলেন যে, তাঁর ধর্মপ্রচারকগণ এশিয়া, ইউরোপ, ও আফ্রিকার কুসংস্কারাছন্ন অধিবাসীদের মনে কৃষ্টিমূলক প্রভাব বিস্তারে সক্ষম হন।