লোহা, সোনা, তামা, ব্রোঞ্জের তৈরি নানা দ্রব্যাদি, ইট-পাথর, ঘরবাড়ি ও মন্দিরগাত্রে উৎকীর্ণ নানা লিপি থেকে ইতিহাসের প্রচুর গুরুত্বপূর্ণ উপাদান সংগৃহীত হয়েছে। এইসব লিপিগুলি প্রাকৃত, পালি, সংস্কৃত প্রভৃতি বিভিন্ন ভাষায় লিখিত হত। এই সব লিপিগুলির মধ্যে সম্রাট অশোকের বিভিন্ন লিপি, কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা লিপি, সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্নীর নাসিক প্রশস্তি, সমুদ্রগুপ্তর এলাহাবাদ প্রশস্তি, শকরাজা রুদ্রদামন এর জুনাগড় স্তম্ভলিপি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশির সভাকবি রবিকীর্তির আইহোল প্রশস্তি বিশেষ উল্লেখযোগ্য। ভারতের বাইরে এশিয়া মাইনরের বখাজ কই, পারস্যের বেহিস্তান, পার্সেপলিস, নকস - ই - রুস্তম এবং আফগানিস্তান, যবদ্বীপ, ইন্দোচিন, সুমাত্রা প্রভৃতি স্থানে আবিষ্কৃত লিপি থেকেও ওই সকল স্থানের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের কথা জানা যায়।