ব্যোমকেশ তাঁর কানে কানে বললো, 'না। আমি ছাদে যাচ্ছি, তুমি এই ঘরে লুকিয়ে থাকো। দুজনেই ছাদে গেলে ছাদের দোর এদিক থেকে বন্ধ করা যাবেনা, আসামির সন্দেহ হবে।' রাখালবাবু বললেন, 'বেশ আপনি ছাদে গিয়ে লুকিয়ে থাকুন, আমি দোর বন্ধ করে দিচ্ছি।' ব্যোমকেশ ছাদে উঠে গেলে রাখালবাবু ছাদে হুড়কো লাগিয়ে নেমে এলেন। কতক্ষন অপেক্ষা করতে হবে ঠিক নেই, এমনকি আসামি আজ নাও আসতে পারে। তিনি দোতলার ঘরের ভিতরে ঢুকে দোরের পাশে লুকিয়ে রইলেন।