শনিবার সকালবেলা কমলবাবুর বাসা থেকে পুলিশের পাহারা তুলে নেওয়া হলো। কমলবাবু ভুতোকে একটা কেনেলে রেখে এলেন। পুলিশ ছাড়া অন্য একটি পক্ষ বাসার উপর নজর রেখেছিল, তারা সব লক্ষ্য করলো। বিকেলবেলা কমলবাবু তাঁর স্ত্রী মেয়ে এবং পোঁটলা - পুঁটলি নিয়ে বাসায় চাবি দিয়ে চলে গেলেন, যাবার পথে থানায় রাখালবাবুকে চাবি দিয়ে বলে গেলেন, 'খিড়কির দোর ভেজিয়ে রেখে এসেছি! এখন আমার বরাত আর আপনাদের হাতযশ।'