শনিবার সকালবেলা কমলবাবুর বাসা থেকে পুলিশের পাহারা তুলে নেওয়া হলো। কমলবাবু ভুতোকে একটা কেনেলে রেখে এলেন। পুলিশ ছাড়া অন্য একটি পক্ষ বাসার উপর নজর রেখেছিল, তারা সব লক্ষ্য করলো। বিকেলবেলা কমলবাবু তাঁর স্ত্রী মেয়ে এবং পোঁটলা - পুঁটলি নিয়ে বাসায় চাবি দিয়ে চলে গেলেন, যাবার পথে থানায় রাখালবাবুকে চাবি দিয়ে বলে গেলেন, 'খিড়কির দোর ভেজিয়ে রেখে এসেছি! এখন আমার বরাত আর আপনাদের হাতযশ।'  সারাদিন বাড়িটা শূন্য পড়ে রইল। রাত্রি আন্দাজ সাড়ে আটটার সময় ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু কমলবাবুর বাসার দিকে গেলেন। দুজনের পকেটেই পিস্তল এবং বৈদ্যুতিক টর্চ। সরেজমিনে আগে থাকতেই দেখা ছিল, পাশের বাড়ির পাঁচিল ডিঙিয়ে দুজনে কমলবাবুর খিড়কি দিয়ে বাড়িতে ঢুকলেন। খিড়কির দরজা বন্ধ করে দিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। কান পেতে শুনলেন, বাড়ী নিস্তব্ধ। রাখালবাবু পলকের জন্য দোরের মাথায় টর্চের আলো ফেলে দেখলেন, ঘোড়ার খুর যথাস্থানে আছে। তিনি তখন ফিসফিস করে বললেন, 'চলুন ছাদে গিয়ে অপেক্ষা করলেই বোধ হয় ভালো হবে।'  ব্যোমকেশ তাঁর কানে কানে বললো, 'না। আমি ছাদে যাচ্ছি, তুমি এই ঘরে লুকিয়ে থাকো। দুজনেই ছাদে গেলে ছাদের দোর এদিক থেকে বন্ধ করা যাবেনা, আসামির সন্দেহ হবে।' রাখালবাবু বললেন, 'বেশ আপনি ছাদে গিয়ে লুকিয়ে থাকুন, আমি দোর বন্ধ করে দিচ্ছি।' ব্যোমকেশ ছাদে উঠে গেলে রাখালবাবু ছাদে হুড়কো লাগিয়ে নেমে এলেন। কতক্ষন অপেক্ষা করতে হবে ঠিক নেই, এমনকি আসামি আজ নাও আসতে পারে। তিনি দোতলার ঘরের ভিতরে ঢুকে দোরের পাশে লুকিয়ে রইলেন।