ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো তরুণ নিউ মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোর্ড দাঁড়িয়ে ঝিমোয় জটায়ুর মত তার জরাভার নিয়ে। বাস্তবিক বড়ো দৃষ্টিকটু। তালিমারা হুড, সামনের আরশিটা ভাঙা, তোবড়ানো বনেট, কলিঝুলি মাখা পর্দা আর চারটে চাকার টায়ার পটি লাগানো; সে এক অপূর্বশ্রী। পাদানিতে পা দিলে মাড়ানো কুকুরের মতো ক্যাঁচ করে আর্তনাদ করে ওঠে। মোটা তেলের ছাপ লেগে সিটগুলি এত কলঙ্কিত যে, সুবেশ কোনো ভদ্রলোককে পায়ে ধরে সাধলেও তাতে বসতে রাজি হবেনা। দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয়, আর যদিও বন্ধ হলো তো তাকে খোলা হয়ে ওঠে দুঃসাধ্য। সিটের উপর বসলেই উপবেশকের মাথায় আর মুখে এসে লাগবে ওপরের দড়িতে ঝোলানো বিমলের গামছা, নোংরা গোটা দুই গেঞ্জি আর তেলচিটে আলোয়ান।