গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করবো কেন বাবাঠাকুর, নিন্দে তাঁর আমরা করিনে। কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে - চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি দু'সন অজন্মা - মাঠের ধান মাঠে শুকিয়ে গেল - বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে - বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তিরবৎ দুপা পিছাইয়া গিয়া কহিলেন, আ মর ছুঁয়ে ফেলবি না কি ?