এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকরোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন - খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তমশায় সব ধরে রাখলেন। কেঁদেকেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশায়, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়, আমাকে পণ দশেক বিচুলিও না হয় দাও। চালে খড় নেই - একখানি ঘর, বাপ - বেটিতে থাকি, তাও নাহয় তালপাতার গোঁজা - গোঁজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন হাসিয়া কহিলেন, ইস! সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ! হেসে বাঁচিনে!  কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না, সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হল না। মাস - দুয়েকের খোরাকের মতন ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারে গাদা হয়ে গেল, ও আমার কুটোটি পেলে না। - বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল। কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না; কহিলেন, আচ্ছা মানুষ তো তুই - খেয়ে রেখেছিস, দিবিনে? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রামরাজত্বে বাস করিস - ছোটলোক কিনা, তাই তাঁর নিন্দে করে মরিস।  গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করবো কেন বাবাঠাকুর, নিন্দে তাঁর আমরা করিনে। কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে - চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি দু'সন অজন্মা - মাঠের ধান মাঠে শুকিয়ে গেল - বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে - বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তিরবৎ দুপা পিছাইয়া গিয়া কহিলেন, আ মর ছুঁয়ে ফেলবি না কি ?