রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুতপদে প্রস্থান করিল। এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল, তখন সন্ধ্যা হয়। বেনী তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছেন এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন; বোধ করি এই কথাই হইতেছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এখনই সেটা কাটিয়ে দিতে হবে। বেনী হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিলেন, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল, ক্রদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বড়দা? না কাটলে সমস্ত গাঁয়ের ধান হেজে যাবে। জল বার করে দেবার হুকুম দিন। বেনী কহিলেন, সেই সঙ্গে দু-তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে সে খবরটা রেখেছ কি ? এ টাকাটা কে দেবে ? চাষারা, না তুমি ?