কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের দুই-একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। একশো বিঘার মাঠটাই এ গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষীদেরই কিছু কিছু জমি তাহাতে আছে। ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তরধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ-ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জেদের। এই দিক দিয়া জল - নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মত আছে। বৎসরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনীবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন। চাষারা আজ সকাল হইতে তাঁহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এইমাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে।