কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের দুই-একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। একশো বিঘার মাঠটাই এ গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষীদেরই কিছু কিছু জমি তাহাতে আছে। ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তরধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ-ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জেদের। এই দিক দিয়া জল - নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মত আছে। বৎসরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনীবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন। চাষারা আজ সকাল হইতে তাঁহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এইমাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে।  রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুতপদে প্রস্থান করিল। এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল, তখন সন্ধ্যা হয়। বেনী তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছেন এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন; বোধ করি এই কথাই হইতেছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এখনই সেটা কাটিয়ে দিতে হবে। বেনী হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিলেন, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল, ক্রদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বড়দা? না কাটলে সমস্ত গাঁয়ের ধান হেজে যাবে। জল বার করে দেবার হুকুম দিন। বেনী কহিলেন, সেই সঙ্গে দু-তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে সে খবরটা রেখেছ কি ? এ টাকাটা কে দেবে ? চাষারা, না তুমি ?