গৌরবি যায় না। গৌরবির একখানা পা জন্ম থেকে খুঁতো। গোড়ালি আর পাতা বাঁকা। আঙুলগুলো পেছনে বাঁকানো। গৌরবি তাড়াতাড়ি হাঁটতে পারে না। শাক-পাতা-গুগলি তুলতে হারার মা-র ওপরই ওর নির্ভর। ঈশ্বরের জিনিস তো, শাকপাতায় দোষ নেই। হারার কথা শুনে গৌরবি অবাক হয়ে গেল। বললো, 'রা কারে না কেন?' হারা বললো, 'জানি না।' গৌরবি হারার পিছন পিছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল। ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল। মাথা তুলে দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায়। ওর মাথার বালিশের নিচে রুপোর হাসুলির মত চকচকে নিয়ড়চাঁদা সাপ ছিল। হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল।