অঘ্রানের সকালে জলের ওপর ঠান্ডা সর ভাঙেনি, বাস-স্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি, হারা গৌরবির উঠোনে এসে দাঁড়ালো। হারার বয়স সাত হলে কী হয়, জ্বরে জ্বরে জিভ এড়ে কথা ওর সড়গড় হয়নি এখনও। মাঝে মাঝে কথা আটকে যায়। হারা বলল, 'মা ললে না মাসি ! ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না।' গৌরবি ওর নিড়িনি সার থলি খুঁজছিল। হাতে নিড়িনি নিয়ে পেট - কাপড়ে থলিটা গুঁজে গৌরবি আর হারার মা বিলের ধারে, খালপাড়ে থানকুনি পাতা তোলে, কচুশাক কাটে। যজ্ঞডুমুরের ডাল, দূর্বাঘাস, বেলপাতা, যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোদারা কজন রোজ সকালে গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে।