অঘ্রানের সকালে জলের ওপর ঠান্ডা সর ভাঙেনি, বাস-স্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি, হারা গৌরবির উঠোনে এসে দাঁড়ালো। হারার বয়স সাত হলে কী হয়, জ্বরে জ্বরে জিভ এড়ে কথা ওর সড়গড় হয়নি এখনও। মাঝে মাঝে কথা আটকে যায়। হারা বলল, 'মা ললে না মাসি ! ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না।' গৌরবি ওর নিড়িনি সার থলি খুঁজছিল। হাতে নিড়িনি নিয়ে পেট - কাপড়ে থলিটা গুঁজে গৌরবি আর হারার মা বিলের ধারে, খালপাড়ে থানকুনি পাতা তোলে, কচুশাক কাটে। যজ্ঞডুমুরের ডাল, দূর্বাঘাস, বেলপাতা, যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোদারা কজন রোজ সকালে গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে।  গৌরবি যায় না। গৌরবির একখানা পা জন্ম থেকে খুঁতো। গোড়ালি আর পাতা বাঁকা। আঙুলগুলো পেছনে বাঁকানো। গৌরবি তাড়াতাড়ি হাঁটতে পারে না। শাক-পাতা-গুগলি তুলতে হারার মা-র ওপরই ওর নির্ভর। ঈশ্বরের জিনিস তো, শাকপাতায় দোষ নেই। হারার কথা শুনে গৌরবি অবাক হয়ে গেল। বললো, 'রা কারে না কেন?' হারা বললো, 'জানি না।' গৌরবি হারার পিছন পিছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল। ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল। মাথা তুলে দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায়। ওর মাথার বালিশের নিচে রুপোর হাসুলির মত চকচকে নিয়ড়চাঁদা সাপ ছিল। হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল।