আরও আসছে, দলে দলে আসছে। ধাড়ি ও মাদি কালোবাস বাঁদর দলে-দলে ছানাপোনা নিয়ে ছুটছে, সবাই যেন কোনো আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটছে। আর সঙ্গে সঙ্গে দূরে কোথাও একটা অদ্ভুত শব্দ হচ্ছে - চাপা গম্ভীর মেঘ গর্জনের মত শব্দটা, কিংবা দূরে কোথাও যেন হাজারটা জয়ঢাক একসঙ্গে বাজছে! ব্যাপার কী! দুজনে দুজনের মুখের দিকে চাইলে। দুজনেই অবাক! আলভারেজ বললো - শংকর, আগুনটা ভালো করে জ্বালো, নয়তো বন্য জন্তুদের দল আমাদের তাঁবুসুদ্ধ ভেঙে মাড়িয়ে চলে যাবে। জন্তুদের সংখ্যা ক্রমেই বেড়ে চলল যে! মাথার ওপরেও পাখির দল বাসা ছেড়ে পালাচ্ছে। প্রকাণ্ড একটা স্প্রিংবক হরিণের দল ওদের দশগজের মধ্যে এসে পড়ল।