মাঝ রাতে শংকরের ঘুম ভেঙে গেল। কী একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে কী একটা কাণ্ড কোথায় ঘটছে বনে। আলভারেজও বিছানায় উঠে বসেছে। দুজনেই কান-খাড়া করে শুনল - বড়ো অদ্ভুত ব্যাপার! কী হচ্ছে বাইরে ? শংকর তাড়াতাড়ি টর্চ জ্বেলে বাইরে আসছিল, আলভারেজ বারণ করল। বললো - এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাঁবুর বাইরে যেও না। তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি। বিনা বন্দুকেই বা যাচ্ছ কোথায় ? তাঁবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার! দুজনেই টর্চ ফেলে দেখলো - বন্য জন্তুর দল গাছপালা ভেঙে ঊর্ধ্বশ্বাসে উন্মত্তের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পশ্চিমের সেই ভীষণ জঙ্গল থেকে বেরিয়ে, পুবদিকের পাহাড়টার দিকে চলছে। হায়েনা, বেবুন, বুনো মহিষ। দুটো চিতাবাঘ তো ওদের গা ঘেঁষে ছুটে পালালো।