মাঝ রাতে শংকরের ঘুম ভেঙে গেল। কী একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে কী একটা কাণ্ড কোথায় ঘটছে বনে। আলভারেজও বিছানায় উঠে বসেছে। দুজনেই কান-খাড়া করে শুনল - বড়ো অদ্ভুত ব্যাপার! কী হচ্ছে বাইরে ? শংকর তাড়াতাড়ি টর্চ জ্বেলে বাইরে আসছিল, আলভারেজ বারণ করল। বললো - এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাঁবুর বাইরে যেও না। তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি। বিনা বন্দুকেই বা যাচ্ছ কোথায় ? তাঁবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার! দুজনেই টর্চ ফেলে দেখলো - বন্য জন্তুর দল গাছপালা ভেঙে ঊর্ধ্বশ্বাসে উন্মত্তের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পশ্চিমের সেই ভীষণ জঙ্গল থেকে বেরিয়ে, পুবদিকের পাহাড়টার দিকে চলছে। হায়েনা, বেবুন, বুনো মহিষ। দুটো চিতাবাঘ তো ওদের গা ঘেঁষে ছুটে পালালো।  আরও আসছে, দলে দলে আসছে। ধাড়ি ও মাদি কালোবাস বাঁদর দলে-দলে ছানাপোনা নিয়ে ছুটছে, সবাই যেন কোনো আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটছে। আর সঙ্গে সঙ্গে দূরে কোথাও একটা অদ্ভুত শব্দ হচ্ছে - চাপা গম্ভীর মেঘ গর্জনের মত শব্দটা, কিংবা দূরে কোথাও যেন হাজারটা জয়ঢাক একসঙ্গে বাজছে! ব্যাপার কী! দুজনে দুজনের মুখের দিকে চাইলে। দুজনেই অবাক! আলভারেজ বললো - শংকর, আগুনটা ভালো করে জ্বালো, নয়তো বন্য জন্তুদের দল আমাদের তাঁবুসুদ্ধ ভেঙে মাড়িয়ে চলে যাবে। জন্তুদের সংখ্যা ক্রমেই বেড়ে চলল যে! মাথার ওপরেও পাখির দল বাসা ছেড়ে পালাচ্ছে। প্রকাণ্ড একটা স্প্রিংবক হরিণের দল ওদের দশগজের মধ্যে এসে পড়ল।