বেনী হাতটা উল্টাইয়া বলিলেন, হল হলই। তাদের পাঁচ হাজারই যাক আর পঞ্চাশ হাজারই যাক, আমার গোটা সদরটা কোপালেও তো দুটো পয়সা বার হবেনা যে ও শালাদের জন্যে দু-দুশো টাকা উড়িয়ে দিতে হবে ? রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এরা সারা বছর খাবে কী ? যেন ভারী হাসির কথা! বেনী একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া, হাসিয়া, থুথু ফেলিয়া, শেষে স্থির হইয়া কহিলেন, খাবে কী? দেখবে, ব্যাটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠাণ্ডা করে চলো, কর্তারা এমনি করেই বাড়ী গুছিয়ে এই যে এক-আধটুকরা উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে-চেড়ে গুছিয়ে-গাছিয়ে খেয়ে-দেয়ে আবার ছেলেদের জন্যে রেখে যেতে হবে। ওরা খাবে কী? ধার কর্জ করে খাবে। নইলে আর ব্যাটাদের ছোটলোক বলেছে কেন ?