রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরীব; তারা দিতে তো পারবেই না, আর আমিই বা কেন দেব সে তো বুঝতে পারিনে! বেনী জবাব দিলেন, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারিনে! হালদারের দিকে চাহিয়া কহিলেন, খুড়ো, এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন। ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষন এইখানে পড়েই মরাকান্না কাঁদছিল। আমি সব জানি। তোমার সদরে কি দরোয়ান নেই? তার পায়ের নাগরা-জুতো নেই ? যাও, ঘরে গিয়ে সেই ব্যবস্থা করো গে; জল আপনি নিকেশ হয়ে যাবে। বলিয়া বেনী হালদারের সঙ্গে একযোগে হিঃ - হিঃ করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিলেন। রমেশের আর সহ্য হইতেছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, ভেবে দেখুন বড়দা, আমাদের তিন ঘরের দুশো টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরীবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করে হোক, পাঁচ-সাত হাজার টাকা তাদের ক্ষতি হবেই।