রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরীব; তারা দিতে তো পারবেই না, আর আমিই বা কেন দেব সে তো বুঝতে পারিনে! বেনী জবাব দিলেন, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারিনে! হালদারের দিকে চাহিয়া কহিলেন, খুড়ো, এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন। ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষন এইখানে পড়েই মরাকান্না কাঁদছিল। আমি সব জানি। তোমার সদরে কি দরোয়ান নেই? তার পায়ের নাগরা-জুতো নেই ? যাও, ঘরে গিয়ে সেই ব্যবস্থা করো গে; জল আপনি নিকেশ হয়ে যাবে। বলিয়া বেনী হালদারের সঙ্গে একযোগে হিঃ - হিঃ করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিলেন। রমেশের আর সহ্য হইতেছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, ভেবে দেখুন বড়দা, আমাদের তিন ঘরের দুশো টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরীবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করে হোক, পাঁচ-সাত হাজার টাকা তাদের ক্ষতি হবেই।  বেনী হাতটা উল্টাইয়া বলিলেন, হল হলই। তাদের পাঁচ হাজারই যাক আর পঞ্চাশ হাজারই যাক, আমার গোটা সদরটা কোপালেও তো দুটো পয়সা বার হবেনা যে ও শালাদের জন্যে দু-দুশো টাকা উড়িয়ে দিতে হবে ? রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এরা সারা বছর খাবে কী ? যেন ভারী হাসির কথা! বেনী একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া, হাসিয়া, থুথু ফেলিয়া, শেষে স্থির হইয়া কহিলেন, খাবে কী? দেখবে, ব্যাটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠাণ্ডা করে চলো, কর্তারা এমনি করেই বাড়ী গুছিয়ে এই যে এক-আধটুকরা উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে-চেড়ে গুছিয়ে-গাছিয়ে খেয়ে-দেয়ে আবার ছেলেদের জন্যে রেখে যেতে হবে। ওরা খাবে কী? ধার কর্জ করে খাবে। নইলে আর ব্যাটাদের ছোটলোক বলেছে কেন ?