শেষ সিটিই তো বটে, থামিয়া থামিয়া বাজিয়েছে। যে যেমন অবস্থায় ছিল, ছুটিল। ম্যানেজার নূতন লোক, সাহেবি মেজাজ; তাহার নূতন লোক বন্দোবস্তে নিয়ম হইয়াছে, সাড়ে ছয়টার সিটি বাজিবার পাঁচ মিনিটের মধ্যেই সকলকে আপিসে আসিয়া হাজিরা বই সই করিতে হইবে। তাহার অধিক এক মিনিটও বিলম্ব হইলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হইবে। বদি একাদশ ডনটাতে ব্যায়াম শেষ করিয়া লাফ দিয়া উঠিয়া বলিল, স্লেভারি, ওঃ। সে তাড়াতাড়ি একটা জামা টানিয়া লইয়া বাহির হইয়া পড়িল। আপিসে আসিয়া সে দেখিল, সেখানে রীতিমত যুদ্ধ আরম্ভ হইয়া গিয়াছে। সার্ভেয়ার খাজাঞ্চিকে বলিতেছে, হু আর ইউ ? তুমি কে ? হোয়াট রাইট ? - কে তোমাকে সিটি দেবার হুকুম দিতে রাইট দিয়েছে ? হু আর ইউ ?