মানভূম জেলার ফায়ার - ব্রিকসের কারখানার একটা মেস। খাপরায় ছাওয়া একটানা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংলো, সামনে সারি সারি থামওয়ালা একফালি টানা বারান্দা - সেই বারান্দার উপর বসিয়া কর্মচারীরা সকালে আপিস যাইবার জন্য প্রস্তত হইতেছিল। শীতকালের প্রাতঃকাল, সাড়ে ছয়টায় কারখানার ভোঁ বাজে। অশ্বিনী চা খায় না, সে গরম দুধের বাটিতে চুমুক দিতেছিল; ভিখারি আউটডোরে কাজ করে, সে নীল রঙের প্যান্টটা পরিয়া মোজা জোড়াটা খুঁজিতেছিল; তরুণ বদি রোজ পঁচিশটা ডন ফেলে, একাদশ ডনটি ফেলিতেছিল; বুড়া শশী মিস্ত্রি গত রাত্রের উদ্বৃত্ত মাংসের চর্বিগুলা গিলিতেছিল; ঠিক এই সময়েই কারখানার ভোঁ বাজিয়া উঠিল।