কমলবাবু বললেন, 'আমি পাড়াতেই থাকি, হিন্দুস্থান পার্কের কিনারায়। আপনাকে অনেকবার দেখেছি, আলাপ করবার ইচ্ছে হয়েছে কিন্তু সাহস হয়নি। আজ একটা সূত্র পেয়েছি, তাই ভাবলাম এই ছুতোয় আলাপটা করে নিই। আমার জীবনে একটি ছোট সমস্যা এসেছে।' 'সমস্যা।' ব্যোমকেশ সিগারেটের কৌটো এগিয়ে দিয়ে বললো, 'বলুন বলুন, অনেকদিন ও বস্তুর মুখদর্শন করিনি।'