কমলবাবু বললেন, 'আমি পাড়াতেই থাকি, হিন্দুস্থান পার্কের কিনারায়। আপনাকে অনেকবার দেখেছি, আলাপ করবার ইচ্ছে হয়েছে কিন্তু সাহস হয়নি। আজ একটা সূত্র পেয়েছি, তাই ভাবলাম এই ছুতোয় আলাপটা করে নিই। আমার জীবনে একটি ছোট সমস্যা এসেছে।' 'সমস্যা।' ব্যোমকেশ সিগারেটের কৌটো এগিয়ে দিয়ে বললো, 'বলুন বলুন, অনেকদিন ও বস্তুর মুখদর্শন করিনি।'  গ্রীষ্মের একটি রবিবার সকালে বোমকেশের কেয়াতলার বাড়িতে বসে কথা হচ্ছিল। কমলবাবুর চেহারাটি নাড়গোপালের মত, কিন্তু মুখের ভাব চটপটে ¤¤ বুদ্ধিসমৃদ্ধ। তিনি হাসিমুখে একটি সিগারেট নিয়ে ধরালেন, তারপর গল্প আরম্ভ করলেন, 'আমার নাম কমলকৃষ্ণ দাস, কাছেই ভারত কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে, আমি সেখানকার ক্যাশিয়ার। বছর দেড়েক আগে পুরুলিয়া থেকে বদলি হয়ে এখানে এসেছি। কলকাতায় এসেই মুশকিলে পড়ে গেলাম; কোথাও বাসা খুঁজে পাই না। শেষ পর্যন্ত একটি - লোক তার বাড়ির নিচের তলায় একটি ঘর ছেড়ে দিল। ফ্যামিলি আনা হলো না, স্ত্রী আর মেয়েকে পুরুলিয়ায় রেখে একলা বাসায় উঠলাম।'  'বাড়ীওয়ালার নাম অক্ষয় মন্ডল। বাড়িটি দোতলা; নিচের তলায় দুটি ঘর, ওপরে দুটি; যাতায়াতের রাস্তা আলাদা। অক্ষয় মন্ডল দোতলায় একা থাকে, কিন্তু তার কাছে লোকজনের যাতায়াত আছে। মিষ্টভাষী লোক, কিন্তু কী কাজ করে বুঝতে পারলাম না। মাঝে মাঝে আমাদের ঘরে এসে গল্পসল্প করতো, কিন্তু আমাকে কোনদিন দোতলায় ডাকতো না। পড়শিদের সঙ্গেও যাতায়াত ছিল না। আমাদের ব্যাংকে ওর একটা চালু খাতা ছিল।'