দিন ফুরোলো। সওগাত সব চলে গেল। দিনের শেষনৈবেদ্যের সোনালী ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হলো। ছেলে ঘরে ফিরে এসে মা কে বললো, 'মা সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না।' মা হেসে বললেন, 'সবাইকে সব দেওয়া হয়ে গেছে, এখন তোর জন্য কী বাকি রইলো এই দেখ।' এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদোকাঁদো সুরে বললো, 'সওগাত পাবো না?' মা বললেন, 'যখন দূরে যাবি তখন সওগাত পাবি।' এই শুনে ছেলে বললো, 'আর যখন কাছে থাকি, তখন তোর হাতের জিনিস দিবি নে ?' মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন; বললেন, 'এই তো আমার হাতের জিনিস।