পুজোর পরব আছে। ভান্ডার নানা সামগ্রীতে ভরা। কত বেনারসি কাপড়, কত সোনার অলংকার; আর ভান্ড ভরে ক্ষীর দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড়োছেলে বিদেশে রাজ্যসরকারে কাজ করে; মেজোছেলে সওদাগর, ঘরে থাকে না; আর কয়টি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ী করেছে। কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে, ভারে ভারে সওগাত চলছে, সারে সারে দাসদাসী, থালাগুলি রংবেরঙের রুমালে ঢাকা।