পুজোর পরব আছে। ভান্ডার নানা সামগ্রীতে ভরা। কত বেনারসি কাপড়, কত সোনার অলংকার; আর ভান্ড ভরে ক্ষীর দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড়োছেলে বিদেশে রাজ্যসরকারে কাজ করে; মেজোছেলে সওদাগর, ঘরে থাকে না; আর কয়টি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ী করেছে। কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে, ভারে ভারে সওগাত চলছে, সারে সারে দাসদাসী, থালাগুলি রংবেরঙের রুমালে ঢাকা।  দিন ফুরোলো। সওগাত সব চলে গেল। দিনের শেষনৈবেদ্যের সোনালী ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হলো। ছেলে ঘরে ফিরে এসে মা কে বললো, 'মা সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না।' মা হেসে বললেন, 'সবাইকে সব দেওয়া হয়ে গেছে, এখন তোর জন্য কী বাকি রইলো এই দেখ।' এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদোকাঁদো সুরে বললো, 'সওগাত পাবো না?' মা বললেন, 'যখন দূরে যাবি তখন সওগাত পাবি।' এই শুনে ছেলে বললো, 'আর যখন কাছে থাকি, তখন তোর হাতের জিনিস দিবি নে ?' মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন; বললেন, 'এই তো আমার হাতের জিনিস।