এই সিম্পসনের আমলেই জেলখানার মধ্যে রাজবন্দিদের ওপর অকথ্য অত্যাচার করা হয়। আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে সুভাষচন্দ্রকে এমন লাঠিপেটা করা হয়েছিল যে তিনি ঘণ্টার পর ঘণ্টা অজ্ঞান হয়ে ছিলেন। সামনে সেই সিম্পসন। তাকে প্রতিরোধের কোনো সুযোগ না দিয়েই তিনজনের রিভলভার গর্জে উঠলো একসঙ্গে। পাঁচ - ছটি গুলিতে সিম্পসনের দেহ ফুঁড়ে গেল। সমস্ত রাইটার্স বিল্ডিংস কেঁপে উঠলো সেই শব্দে। তার চেয়েও জোরে ওরা চেঁচিয়ে উঠলো, বন্দে মাতরম। ব্রিটিশ শাসনের প্রধান দুর্গ রাইটার্স বিল্ডিংসে সেই প্রথম শোনা গেলো বন্দেমাতরম ধ্বনি। সিংহের গহ্বরে ঢুকে পড়েছে তিন অকুতোভয় যুবক। হুড়োহুড়ি পড়ে গেল চতুর্দিকে - সবাই প্রাণ বাঁচাবার জন্য ব্যস্ত - সরকারের বংশবদ দিশি মন্ত্রী এবং রাজকর্মচারীরা কেউ টেবিলের নিচে, কেউ আলমারির আড়ালে লুকিয়ে ভয়ে কাপছে। আর প্রকাশ্যে বারান্দা দিয়ে খোলা পিস্তল হাতে সেই তিন ¤ যুবক বন্দেমাতরম ধ্বনি দিতে দিতে গুলি ছুঁড়ছে।