আবার যুদ্ধের আশঙ্কা? তাইওয়ান সমুদ্রে ফের সামরিক মহড়া। মহড়া দিচ্ছে চিনা যুদ্ধবিমান। এক চিন নীতিতে অনড় শি জিনপিং। কিছুমাস আগেই তাইওয়ানে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকারের সফর ঘিরে শুরু হয়েছিল দ্বৈরথ। বাইডেন ও জিনপিং বৈঠকের পরও কাটেনি জট। দু - পক্ষই অনড় নিজেদের অবস্থানে। তবে পালটা আক্রমণের জন্যই কি ফের সামরিক মহড়া? প্রশ্ন উঠছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চিনা সামরিক বাহিনীর ৩৯টি যুদ্ধবিমান ও তিনটি জাহাজ তাইওয়ানের উপকূল ভাগের দিকে ধেয়ে আসতে দেখা যায়। বুধ ও বৃহস্পতির সকালে এই যুদ্ধ বিমানগুলিকে তাইওয়ানের উপকূলভাগের আশপাশে ঘুরতে দেখা যায়। প্রাথমিক অনুমান, তাইওয়ানের উপর নজরদারি চালাচ্ছে চিনা সামরিক বাহিনী। ধোঁয়াশা বাড়ছে কূটনীতিক মহলেও এবারে কি তবে কোভিড থেকে নজর ঘোরাতে নয়া কৌশল চিনের? না কি যুদ্ধের স্ট্র্যাটেজি নিয়েই এগিয়ে চলেছে চিনা সামরিক বাহিনী। কয়েক মাস আগেই তাইওয়ান সফরে যান প্রাক্তন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তাঁর সফর ঘিরে চিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উস্কানি বলে আখ্যা দিয়েছিল বেজিং। এমতাবস্থায় চিন তাইওয়ানের উপর হামলা করবে কিনা, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকে। এমন অবস্থায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জোট সতর্ক করে জানিয়েছে চিন যে পরিস্থিতি তৈরি করতে চাইছে, তাতে শক্তিধর দেশগুলির মধ্যে যে কোনও সময় বিরোধ ঘটে যেতে পারে।