অসুস্থ মা কিম ফার্নান্ডেজ। সেই কারণেই আদালতের কাছে বিদেশ সফর করার আবেদন করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। বৃহস্পতিবার অভিনেত্রীর আবেদনের ভিত্তিতে শুনানি ছিল আদালতে। এদিনও নির্দিষ্ট সময়ে কোর্টে পৌঁছে গিয়েছিলেন বলি অভিনেত্রী। তবে তাঁর আবেদন খারিজ করেছে দিল্লির পাতিয়ালা কোর্ট। জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলাটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ফলে এখন অভিনেত্রীকে দেশ ছাড়ার অনুমতি কিছুতেই দেওয়া যাবে না। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী আদালতের তরফে বলা হয়েছে, "আপনি এই আবেদন প্রত্যাহার করে নিন। আগে ২০০ কোটির মামলার নিষ্পত্তি ঘটুক। যদি আপনি আবেদন না প্রত্যাহার করেন, তাহলে আমি নির্দেশ দিতে বাধ্য হব।" পরবর্তীতে জ্যাকলিন ফার্নান্ডেজ নিজের আইনজীবীদের সঙ্গে কথোপকথনের পর আবেদন প্রত্যাহার করে নেবেন জানিয়েছেন। গত মঙ্গলবার জ্যাকলিনের এই আবেদনের বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতামত শুনেছিল দিল্লির ওই আদালত। ED-র তরফে জানানো হয়েছিল, "উনি বিদেশিনী। এই দেশের বাসিন্দা নন। বলিউডে উনি প্রচুর কাজ পাচ্ছেন এটা সঠিক। তবে উনি চাইলে অন্য কোনও দেশেও কেরিয়ার তৈরি করতে পারবেন।" স্বাভাবিকভাবেই জ্যাকলিনকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার বিরোধিতা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।