শহরে ১৪৪ ধারা আর কারফিউ জারি হয়েছে। দাঙ্গা বেধেছে হিন্দু আর মুসলমানে। মুখোমুখি লড়াই দা, সড়কি, ছুরি, লাঠি নিয়ে। তা ছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল - চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুটেরা - রা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যুবিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে আরো তীব্রতর করে তুলছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যু - কাতর নারী - শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বীভৎস করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ী। তারা গুলি ছুঁড়চ্ছে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে।  দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়। ডাস্টবিন টা উল্টে এসে পড়েছে গলিদুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হল না। নির্জীবের মত পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইলো দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না - 'আল্লাহ আকবর' কি 'বন্দে মাতরম'। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠলো  আচম্বিতে শিরশিরিয়ে উঠলো দেহের সমস্ত শিরা - উপশিরা। দাঁতে দাঁতে চেপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইলো একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর। তাড়া দেবার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষন চুপচাপ। আবার নড়ে উঠলো ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূ - হল হলো। আস্তে আস্তে মাথা তুললো লোকটা ওপাশ থেকেও উঠে এল ঠিক তেমনই একটি মাথা। মানুষ!