সরস্বতী কুণ্ডের বনে কত বন্য শিউলি গাছ - শিউলি গাছের প্রাচুর্য এক এক জায়গায় এত বেশি, যেন মনে হয় শিউলির বন। বড়ো বড়ো শিলা-খন্ডের উপর শরতের প্রথমে সকালবেলা রাশি রাশি শিউলি ফুল ঝরে পড়েছিল - দীর্ঘ একরকম কর্কশ ঘাস সেইসব পাথরের আশেপাশে বড়ো বড়ো ময়না কাঁটার গাছ তার সঙ্গে জড়িয়ে আছে কাঁটা গাছ, শিলাখন্ড; সব তাতেই রাশি রাশি শিউলি ফুল - আর্দ্র, ছায়া ঘেরা স্থান; তাই সকালের ফুল এখনও শুকিয়ে যায়নি। সরস্বতী হ্রদকে কত রূপেই দেখলাম। লোকে বলে সরস্বতী কুন্ডের জঙ্গলে বাঘ আছে, জ্যোৎস্না - রাত্রে সরস্বতীর বিস্তৃত জলরাশির কৌমুদীস্নাত শোভা দেখবার লোভে রাস - পূর্ণিমার দিন তহশীলদার বনোয়ারীলালের চোখে ধুলো দিয়ে আজমা - বাদের সদর কাছারি আসবার ছুঁতোয় লবটুলিয়া ডিহি কাছারি থেকে লুকিয়ে একা ঘোড়ায় এখানে এসেছি। চারদিক নীরব, নিস্তব্দ - পূর্ব দিকের ঘন বনে কেবলই শিয়ালের ডাক শোনা যাচ্ছিল - দূরের শৈলমালা ও বনশীর্ষ অস্পষ্ট দেখাচ্ছে - জ্যোৎস্নার হিম বাতাসে গাছপালা ও ভোমরা লতার নৈশ - পুষ্পের মৃদু সুবাস। আমার সামনে বন ও পাহাড়ে বেষ্টিত নিস্তরঙ্গ বিস্তীর্ণ হ্রদের বুকে হৈমন্তী পূর্ণিমার থৈ থৈ জ্যোৎস্না। পরিপূর্ণ, ছায়াহিন জলের উপরে পড়া, ছোট ছোট বিচি মালায় প্রতিফলিত হওয়া অপার্থিব দেব - লোকের জ্যোৎস্না। ভোমরা লতার সাদা ফুলে ছাওয়া বড়ো বড়ো বনস্পতিশীর্ষে জ্যোৎস্না পড়ে মনে হচ্ছে গাছে গাছে পরীদের সাদা বস্ত্র উড়ছে। এই সরস্বতী কুণ্ডীর ধারে এদিন দুপুরে এক অদ্ভুত লোকের সন্ধান পেলাম। সার্ভে ক্যাম্প থেকে ফেরবার পথে একদিন হ্রদের তীরের বনপথ দিয়ে আস্তে আস্তে আসছি, বনের মধ্যে দেখি একটি লোক মাটি খুঁড়ে কী যেন করছে।