শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় একদিনের ম্যাচ। প্রথম ম্যাচে ভারত ১ উইকেটে হেরে গিয়েছিল। তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সেকারণেই বুধবারের ম্যাচটা যে কোনও মূল্যে রোহিতদের জিততেই হবে। নাহলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। যদি এই ম্যাচের উইকেটের দিকে তাকানো যায়, তাহলে চোখ বন্ধ করেই বলা যাবে যে স্পিনাররা যথেষ্ট সাহায্য পাবেন। প্রথম ম্যাচে সাকিব আল হাসান ৫ উইকেট শিকার করেছিলেন। মীরপুরের উইকেট বরাবরই স্পিন সহায়ক হয়। আজ মীরপুরে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও, আপাতত সেটা একেবারেই কেটে গিয়েছে। ম্যাচের শুরুতেই ধাক্কা খেল টিম ইন্ডিয়া। কারণ, ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। মহম্মদ সিরাজের বলে স্লিপে দাঁড়িয়ে যখন তিনি ক্যাচ ধরার চেষ্টা করছিলেন, সেইসময়ই চোট পান তিনি। ইতিমধ্যেই রোহিত মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। পরিবর্ত ফিল্ডার নিয়ে আসা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলকে প্রথম সাফল্য এনে দিলেন মহম্মদ সিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারে এনামুল হক মাত্র ১১ রান করে আউট হয়ে গেলেন। সিরাজ তাকে LBW আউট করলেন। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১১-১।