তিনজনে ঢুকলাম ভিতরে। একটা মাঝারি সাইজের বৈঠকখানা। দরজার উল্টোদিকে একটা সোফা, তার কাপড়ের ঢাকনির তিন জায়গায় ফুটো দিয়ে নারকোলের ছোবড়া বেরিয়ে আছে। সোফার সামনে একটা শ্বেতপাথরের টেবিল, - এখন শ্বেত বললে ভুল হবে, কিন্তু এককালে তাই ছিল। বাঁয়ে একটা কালো প্রাচীন বুক কেস, তাতে গোটা পনেরো প্রাচীন বই। বুক কেসের মাথায় একটা পিতলের ফুলদানিতে ধুলো জমা প্লাস্টিকের ফুল, সে ফুলের রং বোঝে কার সাধ্য। দেয়ালে একটা বাঁধানো ছবি, সেটা ঘোড়াও হতে পারে, রেলগাড়ি ও হতে পারে, এত ধুলো জমেছে তার কাঁচে। যে ফিলিপস রেডিওটা সোফার পাশে টেবিলের উপর রাখা রয়েছে সেটার মডেল নির্ঘাত ফেলুদার জন্মেরও আগের। আশ্চর্য এই, যে সেটা এখনো চলে, কারণ সেটা থেকেই গানের শব্দ আসছিল। এখন একটা শিরা - বার - করা ফ্যাকাসে হাত নব ¤¤ ঘুরিয়ে গানটা বন্ধ করে দিল। যার হাত তিনি সোফার এক কোণে একটা কুশন কোলে নিয়ে বাঁ পা টা একটা মোড়ার উপর তুলে দিয়ে বসে মিটমিট করে আমাদের দিকে চাইছেন। এঁর শরীরে যে সাহেবের রক্ত আছে সেটা চামড়ার রং থেকে বোঝা যায়, আর চুলের যেটুকু পাকা নয় তার রং কটা। চোখটা যে কীরকম সেটা ¤ বুঝতে পারছি না, কারণ ছাত থেকে ঝোলানো যে বাতিটা জ্বলছে সেটার পাওয়ার পঁচিশের বেশি নয়। 'আমি গাউটে ভুগছি, তাই চলাফেরা করতে পারিনা', ইংরিজিতে বললেন সাহেব। ' আই হ্যাভ টু টেক দ্য হেল্প অফ মাই সার্ভেন্ট। সে শুয়োরটা আবার ফাঁক পেলেই সটকায়। ' ফেলুদা এবার পরিচয়ের ব্যাপারটা সেরে নিল। ভদ্রলোক আমরা আসাতে বিরক্ত হলেও সেটা এখনও প্রকাশ করেননি। ফেলুদা কাজের কথায় চলে গেল।