ফেলুদা একটু হেসে বললো, 'যদি সত্যিই ম্যান - ইটার বেরোত, তাহলে আপনি অন্তত সাময়িকভাবে নিশ্চয় কলম ছেড়ে বন্দুক ধরতেন।' 'তা ধরতাম বইকী। আমারই এলাকায় যদি নরখাদক বাঘ উৎপাত ¤ আরম্ভ করে তাকে শায়েস্তা করাটা তো আমার ডিউটি।' আমাদের শরবত খাওয়া হয়ে গিয়েছিল। মহিতোষবাবু বললেন, 'আপনারা ক্লান্ত হয়ে এসেছেন, আপনাদের ঘর দেখিয়ে দিচ্ছে, আপনারা স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম করে নিন। বিকেলের দিকে আমার জিপে করে আপনাদের একটু ঘুরিয়ে আনবে। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আছে, হরিণ - টরিন ¤ চোখে পড়তে পারে, এমনকী হাতিও। তড়িৎ, যাও তো এঁদের ট্রফি রুমটা একবার দেখিয়ে সোজা নিয়ে যাও এঁদের ঘরে। ট্রফি রুম মানে বাঘ ভাল্লুক বাইসন হরিণ কুমিরের চামড়া আর মাথায় ভরা একটা বিশাল ঘর। ঘরের মেঝে আর দেওয়ালে তিল ধরার জায়গা নেই। এতগুলো জানোয়ারের জোড়া জোড়া পাথরের চোখ চারিদিক থেকে আমাদের দিকে চেয়ে আছে দেখলেই গা - টা ছমছম করে। শুধু জানোয়ার নয়, যেসব অস্ত্র দিয়ে এই জানোয়ার মারা হয়েছে সেগুলোও ঘরের এক পাশে একটা খাঁজকাটা রাকের উপর রাখা রয়েছে। দোনলা একনলা পাখি - মারা বাঘ - মারা হাতি - মারা কতরকম যে বন্দুক তার ঠিক নেই। এই সব দেখতে দেখতে ফেলুদা তড়িৎবাবুকে জিজ্ঞেস করলো, 'আপনিও শিকার করেছেন নাকি ?' তড়িৎবাবু একটু হেসে মাথা নেড়ে বললেন, 'একেবারেই না। আপনি গোয়েন্দা, আমার চেহারা দেখে বুঝতে পারছেন না ।?'