বাবা যখন বললেন, 'তোর ধীরুকাকা অনেকদিন থেকে বলেছেন - তাই ভাবছি এবার পুজোর ছুটিটা লখনৌতেই কাটিয়ে আসি' - তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস ছিল লোখনৌটা বেশ বাজে জায়গা। অবিশ্যি বাবা বলেছিলেন ওখান থেকে আমরা হরিদ্বার লছমনঝুলাও ঘুরে আসবো। আর লছমনঝুলাতে পাহাড়ও আছে - কিন্তু সে আর কদিনের জন্য এর আগে প্রত্যেক ছুটিতে দার্জিলিং নাহয় পুরী গিয়েছি। আমার পাহাড়ও ভালো লাগে, আবার সমুদ্রও ভালো লাগে। লোখনৌতে দুটোর একটাও নেই। তাই বাবাকে বললাম, 'ফেলুদা যেতে পারে না আমাদের সঙ্গে ?' ফেলুদা বলে ও কলকাতা ছেড়ে যেখানেই যাক না কেন, ওকে ঘিরে নাকি রহস্যজনক ঘটনা সব গজিয়ে ওঠে। আর সত্যিই, দার্জিলিং - এ যেবার ও আমাদের সঙ্গে ছিল ঠিক সেবারই রাজেনবাবুকে জড়িয়ে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটলো। তেমন যদি হয়, জাইগা ভালো না হলেও খুব ক্ষতি নেই। বাবা বললেন, 'ফেলু তো আসতেই পারে, কিন্তু ও যে নতুন চাকরি নিয়েছে, ছুটি পাবে কি ? ফেলুদাকে লখনৌয়ের কথা বললেই ও বললো, 'ফিফটি এইটে গেসলাম - কিক্রেট খেলতে। জায়গাটা নেহাত ফেলনা নয়। বড়াইমামবড়ার ভুলভুলাইয়ার ভেতরে যদি ঢুকিস, তো তোর চোখ আর মন একসঙ্গে ধাঁধিয়ে যাবে। নবাব - বাদশাহের কী ইম্যাজিনেশন ছিল - বাপরে বাপ !'