36 বছর পর তৃতীয়বারের জন্য ফুটবলে বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা। তাঁদের অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা। স্বপ্ন সত্যি হয়েছে মেসির। তাঁর এই জয় নিয়ে গোটা বিশ্বেই রয়েছে উন্মাদনার পরিবেশ। এমনকি আর্জেন্তিনা শিবির যখন কাপ জিতে কাতার থেকে আর্জেন্তিনায় যায়, তখন প্রবল জনোচ্ছ্বাসের কারণে মেসিদের টিমবাস আটকে যায়। হেলিকপ্টারে করে উদ্ধার করতে হয় মেসিকে। সব মিলিয়ে আর্জেন্তিনায় এখন চলছে লিও বন্দনা। এমন পরিস্থিতিতে আরও একধাপ এগিয়ে এবার আর্জেন্তিনার নোটে মেসির ছবি বসানোর প্রস্তাব দিল আর্জেন্তেনিয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, আর্জেন্তিনার কেন্দ্রীয় ব্যাঙ্ক সে দেশের নোটে লিওনেল মেসির ছবি ও উলটোদিকে টিমের বিশ্বকাপ জয়ের ছবি রাখার প্রস্তাব দিয়েছে। জানা গিয়েছে, আর্জেন্তিনার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফুটবল টিমের জয় উপলক্ষে একটি বৈঠক করে, সেই বৈঠকেই এমন প্রস্তাব উঠে এসেছে। প্রসঙ্গত, 1978 সালে যখন আর্জেন্তিনা প্রথমবার বিশ্বকাপ জেতে, সেসময়ও স্মারক মুদ্রাও জারি করেছিল আর্জেন্তিনার কেন্দ্রীয় ব্যাঙ্ক। বেশ কয়েকটি রিপোর্ট আবার দাবি করেছে, নিছক মজা করেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই এই প্রস্তাবকে সমর্থন করে বসেছেন। অন্যদিকে মেসি ভক্তদের কাছে এরচেয়ে সুংসবাদ আর নেই। ফলে সোশ্যাল মিডিয়ায় মেসির নোটের ছবি ভাইরাল হতে সময় লাগেনি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে 1000 পেসোর নোটের ছবি। বলা হচ্ছে, এই নোটের একদিকে থাকবে মেসির ছবি, অন্যদিকে নোটের উলটো দিকে থাকবে টিমের ছবি।