অপেক্ষার অবসান হতে চলেছে বাংলার রেলভ্রমণপ্রিয় মানুষদের। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই চালু হচ্ছে হাওড়া-NJP বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা। ট্রেনটি ইতিমধ্যেই হাওড়া থেকে ছাড়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছে রেলওয়ে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই সময় ডিজিটালকে জানিয়েছেন, "প্রধানমন্ত্রী সময় দিতে পারলে 30 ডিসেম্বরেই হাওড়া থেকে চালু হবে হাওড়া-NJP বন্দে ভারত এক্সপ্রেসটি।" সূত্রের খবর অনুযায়ী, PMO -র তরফে গ্রিন সিগন্যাল পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে নতুন বছরের আগেই বড় উপহার পূর্ব রেলের তরফে পেতে পারে সাধারণ মানুষ। বন্দে ভারতকে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন বললেও অত্যুক্তি করা হয় না। ট্রেনে থাকছে হাতলযুক্ত চেয়ার। পাশাপাশি বিমান ও প্রতিটি প্রিমিয়াম ট্রেনের মতোই সিটের পিছন দিকে থাকছে নেটের ব্যাগ ও পিছনের ব্যক্তির খাওয়ার সুবিধা। খুব স্বাভাবিক ভাবেই সিটের গদিও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে যাত্রীদেরকে।
পাশাপাশি থাকছেন ট্রেন সেবিকারাও। বন্দে ভারত এক্সপ্রেসের প্যান্টিকারেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। ঝাঁ চকচকে প্যান্ট্রি থেকে যাত্রীদের কোচে যাওয়ার জন্য রয়েছে কাঁচের দরজা। বন্দে ভারতের প্যান্ট্রিকারে লেগেছে মডিউলার কিচেনের ছোঁয়া।
প্যান্ট্রিকারে থাকছে CCTV-ও। ফলে যাত্রীরা আরও সুবিধা পেতে পারেন বলে আশা করা হচ্ছে।