পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞা ফুৎকারে উড়িয়ে রাশিয়া-ভারতের তেল সরবরাহের সম্পর্ক অটুট রইল। পরপর টানা 2 মাস ভারতকে তেল সরবরাহের নিরিখে শীর্ষস্থান নিজেদের দখলে রাখল রাশিয়া। এতদিন ভারত সবথেকে বেশি পরিমাণ তেল আমদানি করত ইরাকের থেকে, তারপরেই ছিল সৌদি আরব। কিন্তু গত অক্টোবর-নভেম্বর, এই 2 মাসে রাশিয়া থেকে সবথেকে বেশি পরিমাণ তেল আমদানি করেছে ভারত। কার্গো ট্র্যাকার 'ভর্টেক্সা'-র তথ্য এমনটাই জানাচ্ছে। তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে রাশিয়া থেকে ভারত অপরিশোধিত তেলের দৈনিক 909400 ব্যারেল আমদানি করেছে। 'ভর্টেক্সা'-র পরিসংখ্যান অনুযায়ী, যা আমদানি করা মোট তেলের পরিমাণের 21%। ওই মাসে ভারতের আমদানিকৃত তেলের দৈনিক পরিমাণ মোট 4.29 মিলিয়ন ব্যারেল। আবার অক্টোবর মাসে রাশিয়া থেকে ভারতে দৈনিক অপরিশোধিত তেল এসেছে দৈনিক 902740 ব্যারেল। যা অন্য সমস্ত দেশের তুলনায় সবথেকে বেশি। এর পাশাপাশি আরেকটি তথ্য গুরুত্বপূর্ণ। তা হল সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহি, নাইজেরিয়া ও অ্যাঙ্গোলা থেকে আমদানিকৃত তেলের পরিমাণ হ্রাস পেয়েছে, সেখানে নভেম্বরে কানাডা ও আমেরিকা থেকে আমদানি করা তেলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।