স্নাতকোত্তরের মতো কলেজ এ বার স্নাতকেও নতুন বিষয় খোলার ক্ষেত্রে সেল্ফ ফিনান্সিং কোর্সে অগ্রাধিকার দেওয়ার পথে হাঁটতে চলেছে উচ্চশিক্ষা দপ্তর। সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজে নতুন কোর্স চালুর আবেদন বদল এনেছে রাজ্য। সরকারি ও সাহায্যপ্রাপ্ত কোনও কলেজ সেল্ফ ফিনান্সিং কোর্স চালু করতে চাইলে লিখিত ভাবে প্রতিশ্রুতি দিতে হবে যে বেতন, পরিকাঠামো ইত্যাদি কোনও বিষয়েই রাজ্যের কাছে আর্থিক সাহায্য চাইতে পারবে না তারা। কলেজ এই সব শর্ত পূরণ করলে তবেই মিলবে সম্মতি। নতুন পদ্ধতিতে সরকারি কলেজে নয়া কোর্স খোলায় উচ্চশিক্ষা অধিকর্তার (ডিপিআই) আর কোনও ভূমিকা থাকবে না। তিনি কেবল উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যানের (শিক্ষা) নেতৃত্বাধীন ছয় সদস্যের কমিটিতে প্রতিনিধি পাঠাবেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর সরকারি কলেজে নতুন কোর্স চালু করতে হলে ডিপিআইয়ের পাশাপাশি সংসদের কাছেও আবেদন জানাতে হতো। কিন্তু এবার ডিপিআইয়ের পর আর ভূমিকা থাকছে না। নতুন বিষয় খুলতে চাইলে সংসদের সদস্য সচিবের কাছে আবেদন জানাতে হবে সরকারি কলেজকে। তারপর সংসদের ভাইস- চেয়ারম্যানের (শিক্ষা) নেতৃত্বাধীন কমিটি বিষয়টি খতিয়ে দেখে উচ্চ-শিক্ষা দপ্তরের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবে। আবার, সাহায্যপ্রাপ্ত কলেজে নতুন বিষয় খোলার জন্য এতদিন উচ্চশিক্ষা সংসদে আবেদন জানাতে হতো। আর নো-অবজেকশন দিলে বিষয়টি যেত বিশ্ববিদ্যালয়ের কাছে। এখন থেকে সংসদ তা খতিয়ে দেখে উচ্চশিক্ষা দপ্তরে পাঠাবে। সেল্ফ ফিনান্সিং হলে রাজ্য এ ব্যাপারে অনুমোদন দেবে। অন্য ক্ষেত্রে অর্থ দপ্তরের অনুমোদন লাগবে।